নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে ধরতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বিদেশের মাটিতে তাঁর সঙ্গে হয়রানিমূলক আচরণের ঘটনায় মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি এবং দেশের নাগরিকদের সুনাম ক্ষুণ্ন করেছেন।