পেশাদার গণমাধ্যম কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যে সংযোগ জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়বে।
পেশাদার গণমাধ্যম কার্যক্রমের সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় এবং প্রশিক্ষণের সুযোগ বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকা ডক্ল্যাবের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক তারেক আহমেদ স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ এবং ঢাকা ডক্ল্যাবের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো গড়ে তোলা।
এই উদ্যোগের ফলে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও পেশাদার কর্মক্ষেত্রের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা অর্জন এবং সৃজনশীল কাজের চর্চায় বাড়তি সুযোগ পাবেন।
এ ছাড়া শিক্ষাবিদ, চলচ্চিত্র নির্মাতা, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও সহজ হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।