• ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ণ
ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেক ব্যক্তি ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে ঘরবাড়ি, আশপাশের এলাকা ও চলাচলের পথ পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের কার্যকর উপায়।

ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে দেশবাসীকে সপ্তাহে অন্তত দুদিন ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কাজে প্রত্যেক ব্যক্তি ও পরিবারকে নিয়মিত সময় দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার করা প্রয়োজন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। বিশেষ করে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। ঘরের আনাচকানাচ, রাস্তাঘাট ও জনসমাগমস্থলে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। এসব স্থান পরিষ্কার করা গেলে ডেঙ্গু প্রতিরোধে সফলতা বাড়বে।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অনেক পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব।

বাংলাদেশের বিভিন্ন জাতীয় অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছে এবং ২০২৪ সালে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এসব অর্জনে সবাই একসঙ্গে ভূমিকা রাখতে পারলে দেশের অন্যান্য সমস্যার সমাধানেও সম্মিলিতভাবে অবদান রাখা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো সংগঠনের সঙ্গে প্রায় ৪০ লাখ সদস্য যুক্ত রয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থী ও এসব সংগঠনের সদস্যরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যতটা সম্ভব ময়লা-আবর্জনা পরিষ্কারের চেষ্টা করছেন।

ডেঙ্গু প্রতিরোধে টিকার ওপর নির্ভরতার পরিবর্তে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংসের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন পরীক্ষায় ডেঙ্গুর টিকার কার্যকারিতা সীমিত বলে দেখা গেছে।

তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলেই সরকার সফল হয়। সরকার ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চায় সরকার।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ রোগে আক্রান্ত মানুষের প্রাণহানি কমানো সম্ভব। সবাই একসঙ্গে কাজ করলে আগামী দিনে ডেঙ্গুর কারণে বহু মানুষের প্রাণহানি রোধ করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।