• ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে ভালোবেসে একসঙ্গে গড়ে তুলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ণ
দেশকে ভালোবেসে একসঙ্গে গড়ে তুলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

নাগরিকদের মধ্যে দেশের প্রতি মমত্ববোধ জাগিয়ে সবাইকে সম্মিলিতভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সারা দেশে ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ নিয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে। আমাদের চেয়ে ভালো দেশ এবং এত সহযোগী শক্তি আর কোথাও নেই। দেশকে ভালোবেসেই সবাইকে কাজ করতে হবে।

বুধবার শহীদ আবু সাঈদ কনভেনশন হলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘হেমাটোকন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং বাকি ১১টি ঢাকার বাইরে স্থাপনের পরিকল্পনা রয়েছে।

নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং দেশের জন্য লড়াই করেছেন। সে সময় মুক্তিযুদ্ধ ছিল তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। আর বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের মাধ্যমে এ খাতের উন্নয়নে কাজ করাই তাঁর চ্যালেঞ্জ।

স্বাস্থ্য খাতের অনিয়মের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, তিনি যখন মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তখন এটি পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ছিল। ১১ কোটি টাকার রেডিওথেরাপি মেশিন আমদানির খরচ দেখানো হয়েছিল ১৮ কোটি টাকা। তাঁর ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতি ছিল সর্বত্র। বর্তমানে সেই অবস্থার পরিবর্তনে কাজ করা হচ্ছে।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশি-বিদেশি চিকিৎসক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...