
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রোববার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত মোট ৯২ হাজার ১৪৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৭৭ হাজার ৩৪৬ জন পুরুষ ও ১৪ হাজার ৭৯৯ জন নারী ভোটার রয়েছেন। এবারই প্রথমবারের মতো আইটি-ভিত্তিক পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি, যেখানে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা অ্যাপে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো ডিআর, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান রিপাবলিক, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে নিবন্ধন কার্যক্রম চলছে। ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে, তারা ভোট দিয়ে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে যুক্ত করার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।