• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা বিগত ১৭ বছরে গুম, খুন, নির্যাতন, ফাঁসি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অন্যায় জেল-জুলুমসহ বিভিন্নভাবে অত্যাচার করেছে; ব্যাংকের টাকা লুট করে দেশকে ফোকলা করে পালিয়ে গিয়েছে; বিভিন্নভাবে হুমকী ধামকী দিয়ে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ধারাকে বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে;  সেই সকল ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আজ (রবিবার) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা শীর্ষক আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু এই ছয় মাসে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, নির্যাতন এমনকি কোথাও কোনো ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী হয়েও কোনো ধরনের প্রটোকল না নিয়ে, একেবারে সাধারণ জনগণের কাতারে নেমে এসে তারেক রহমান  নিয়মতান্ত্রিকভাবে একটি বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কাজ করে যাচ্ছেন। হুইপ বলেন, প্রধানমন্ত্রী অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে দেশকে ঘুরে দাড় করানোর চেষ্টা চালাচ্ছেন এবং বিদ্ধস্ত দেশকে একটি সিস্টেমে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

হুইপ আরও বলেন, বিগত সময়ের রেখে যাওয়া বিদ্যুৎ গ্যাসের সংকট সমাধানে তারেক রহমান অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই সংকট অচিরেই সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবীবা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এছাহক আলী।

বিশেষ অতিথির বক্তৃতায় মাহমুদা হাবীবা বর্তমান সরকারের বিগত ছয় মাসের বিভিন্ন জনকল্যাণমূলক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। রমেশ দত্ত তাঁর বক্তব্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে একসাথে কাজ করার অনুরোধ জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।