• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জাস্টিস পার্টির উদ্বেগ ও দাবি নিয়ে বিবৃতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাস্টিস পার্টির উদ্বেগ ও দাবি নিয়ে বিবৃতি
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জাস্টিস পার্টি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল এক যুক্ত বিবৃতিতে দলের চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন ও মহাসচিব অনক আলী হোসেন সাহেদী এসব মন্তব্য তুলে ধরেন। তারা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগেই বিভিন্ন দলের বেআইনি প্রচারণা ও প্রার্থী ঘোষণা নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন, এবং এসব বিষয়ে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা উদ্বেগজনক।

তাদের অভিযোগ, শতাধিক নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন পর্যাপ্ত যাচাই-বাছাই ছাড়াই বাতিল করে কমিশন সংবিধানপ্রদত্ত রাজনৈতিক সংগঠনের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে এবং কিছু নির্বাচিত দলকে অনৈতিক সুবিধা দিচ্ছে। একই সঙ্গে তারা উল্লেখ করেন, নির্বাচন কমিশন আমলানির্ভর প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় রাজনৈতিক প্রতিনিধিত্ব, অভিজ্ঞতার অভাব ও অযৌক্তিক আচরণ দেশের রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক ঘন ঘন ভূমিকম্প জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার দুর্বলতা স্পষ্ট করেছে উল্লেখ করে জাস্টিস পার্টি জানায়, ইউনিয়ন থেকে মহানগর পর্যন্ত জরুরি উদ্ধারকারী টিম গঠন এখন সময়ের দাবি, যা নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির চেয়ে অধিক জরুরি। বিবৃতিতে ভারত ও মিয়ানমার সীমান্তে উত্তেজনা, রোহিঙ্গা সংকট, কুকিচিন ও আরাকান আর্মির কার্যক্রম মোকাবেলায় সামরিক বাহিনীকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়।

পাশাপাশি ব্যাংকিং খাত ও অর্থনীতির নাজুক পরিস্থিতি ঠিক না করে নির্বাচনী অস্থিরতা সৃষ্টি হলে সার্বিক সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। জাস্টিস পার্টির মতে, নির্বাচনের আগে সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও কালোবাজারি দমনে সেনাবাহিনীর সহায়তা অত্যাবশ্যক। এ ছাড়া তারা দাবি জানায়, তফসিল ঘোষণার আগে সংস্কার প্রসঙ্গে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করা প্রয়োজন। বিবৃতিতে দলটি জানায়, উল্লিখিত দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যেই তারা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।