
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–৮৫/১ (শার্শা) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। শুক্রবার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও একাধিক নির্বাচনী পথসভা করেন তিনি।
দিনভর প্রচারণার অংশ হিসেবে বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পথসভাগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বাগআঁচড়ায় অনুষ্ঠিত এক পথসভায় মফিকুল হাসান তৃপ্তির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বক্তব্যে তিনি বলেন, “শার্শা উপজেলাকে উন্নয়ন ও ন্যায়বিচারের পথে এগিয়ে নিতে হলে ধানের শীষের বিকল্প নেই। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় মানুষের পাশে থেকে সব ধরনের সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
পথসভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী। স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিন পর প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।