
আগামীকাল (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের নিলামকে সামনে রেখে বিসিবি খেলোয়াড় তালিকায় বড় পরিবর্তন এনেছে। ফিক্সিং সন্দেহের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত হালনাগাদ তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত।
এর আগে বিসিবি জানিয়েছিল, গত আসরে ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যেসব খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের কাউকে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। সেই নীতির ধারাবাহিকতায় বিজয়-সৈকতের পাশাপাশি আরও ৭ জনকে বাদ দেওয়া হয়েছে। মোট ৯ জন বাদ পড়া ক্রিকেটার হলেন—আরিফুল হক, নিহাদুজ্জামান, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন সিনিয়র, আলাউদ্দীন বাবু, শুভম রানজানে (যুক্তরাষ্ট্র), বিজয় ও সৈকত। অন্যদিকে নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। প্রথম তালিকায় তার নাম থাকা নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও হালনাগাদ তালিকায় তিনি ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন।
উল্লেখ্য, সর্বশেষ বিপিএল আসরে এনামুল হক বিজয় দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন এবং মোসাদ্দেক ছিলেন ঢাকা ক্যাপিটালসের দলে।