• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে : দুদু
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে। ভালো নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, এর দায়ভার পুরো দেশবাসীকেই বহন করতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, এই সরকার আর খুব বেশি সময় ক্ষমতায় নেই। জাতীয় সংসদের নির্বাচন হতে আর এক মাসেরও কম সময় বাকি। নির্বাচনের পরপরই একটি সরকার গঠিত হবে। যদি সেই সরকার দেশপ্রেমিক হয় এবং মানুষের অনুভূতি বুঝতে পারে, তবে দেশ সমৃদ্ধির পথে এগোবে, শত্রুর হাত থেকে নিরাপদ থাকবে এবং স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষিত হবে। এই কারণেই ফেব্রুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এই নির্বাচনে যদি ভুল হয়, তবে শুধু সরকার নয়—দেশবাসী সবাইকে এর খেসারত দিতে হবে। এমনকি দেশের স্বাধীনতাও সম্মিলিতভাবে হুমকির মুখে পড়তে পারে।

বিএনপির এই নেতা আরও বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে দেশের মানুষ ভোটকেন্দ্রে যায়নি, ভোট আগেই হয়ে গেছে। শেখ হাসিনা বারবার দাবি করেছেন তিনি জনগণের ভোটে নির্বাচিত, কিন্তু বাস্তবে সেই নির্বাচনগুলো ছিল তামাশার নির্বাচন। দেশবাসী ও আন্তর্জাতিক মহল প্রত্যক্ষ করেছে, সেগুলো প্রকৃত নির্বাচন ছিল না।

তিনি বলেন, এসব নির্বাচন কেবল শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থন পেয়েছে। আজও সেই ভারতেই বাংলাদেশের গণহত্যাকারী ও গণধিকৃত শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন।

নির্বাচনের জন্য সবচেয়ে জরুরি বিষয় হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে দুদু বলেন, দেশের স্বার্থে ও মানুষের নিরাপত্তার জন্য দ্রুত আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে হবে। সরকার বিষয়টি জানে, কিন্তু এখনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।