শনিবার সকাল ৭টার দিকে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এভারকেয়ার হাসপাতালে পৌঁছে বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন

রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক শনিবার ভোর ৭টার দিকে হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
এসময় নিরাপত্তা দায়িত্বে থাকা সদস্যরা জানান, আগের দিনের তুলনায় বেগম জিয়া কিছুটা কথা বলতে পারছেন, যা স্বস্তিদায়ক এবং আশাব্যঞ্জক হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে নানান শারীরিক জটিলতায় ভুগতে থাকা বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন।
মাওলানা মামুনুল হক সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া করেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসসহ দেশবাসীর প্রতি তাঁর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।