৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী আলোচনায় রায়হানুজ্জামান দীপু জনসেবায় বার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬, ১৭:২৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩ নম্বর ওয়ার্ডে জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা বাড়ছে। কমিশনার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করা পৌর যুবদলের সদস্যসচিব ও সমাজসেবক মো. রায়হানুজ্জামান দীপু মঙ্গলবার জলাবদ্ধতা নিরসনে একটি ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকি করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বেনাপোল-যশোর মহাসড়কের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন একটি ড্রেন দীর্ঘদিন আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ দেখা দেয়। পরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রায়হানুজ্জামান দীপু ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজের তদারকি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেনটি পরিষ্কার হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে। তাদের ভাষ্য, এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে রায়হানুজ্জামান দীপুকে নিয়মিত দেখা যায়।
রায়হানুজ্জামান দীপু বলেন, দীর্ঘদিন ধরে তিনি ৩ নম্বর ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন। নাগরিক সেবা সহজ করা, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জনভোগান্তি কমানোকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথাও জানান।
তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বেনাপোল ক্রীড়া সংস্থার সদস্যসচিব হিসেবে মাঠ সংস্কার ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন। স্থানীয় খেলাধুলার অবকাঠামো উন্নত হলে এখান থেকে আরও মেধাবী খেলোয়াড় উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ছাড়া তিনি ওয়ার্ডে পর্যাপ্ত সড়কবাতি স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার এবং নাগরিকদের হয়রানিমুক্ত পৌরসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
স্থানীয় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন রায়হানুজ্জামান দীপু। বর্তমানে তিনি বেনাপোল ঈদগাহ পরিচালনা পর্ষদ, কবরস্থান পরিচালনা পর্ষদ ও বায়তুল মামুর মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, রহিম-ফাতেমা এতিমখানার কার্যনির্বাহী সদস্য, খাদেজাতুল কোবরা কওমি মহিলা মাদ্রাসার সাধারণ সম্পাদক, দিশারী পাবলিক স্কুল অ্যান্ড ক্যাডেট কলেজের পরিচালনা পর্ষদের সহসভাপতি এবং বেনাপোল ক্রীড়া সংস্থার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে ৩ নম্বর ওয়ার্ডে উন্নয়ন, নাগরিক সেবা ও জনসম্পৃক্ত কার্যক্রম এখন স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।