অতিরিক্ত অধিকাল ভাতা নিয়ে বেনাপোল বন্দরে মানববন্ধন, আশ্বাসে স্থগিত আন্দোলন
বেনাপোল, শার্শা, যশোর
প্রকাশিত মে ২০, ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে কর্তৃপক্ষের এক মাসের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অতিরিক্ত অধিকাল ভাতার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এ বিষয়ে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পরে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক মানজারুল মান্না আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “আপনারা এক মাস ধৈর্য ধরুন। সরকারের পক্ষ থেকে আপনাদের যৌক্তিক দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে আমরা আশাবাদী।”
পরিচালকের এ আশ্বাসের পর আন্দোলনকারীরা সাময়িকভাবে সব ধরনের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
এ সময় আন্দোলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক জাবেদী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আশিকুর রহমান, কাফি, শাহাদত হোসেন, রনিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।