প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ জন সিনিয়র সহকারী সচিবকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এতে উল্লেখ করা হয়েছে, এডিসি হিসেবে বদলি করা কর্মকর্তাদের তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে হবে; অন্যথায় ওইদিন বিকেল থেকে তাদের বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। বদলি হওয়া কর্মকর্তাদের দপ্তর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তিত হলে তারা কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই প্রজ্ঞাপনের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে।