অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
৩২০ কোটি টাকায় নির্মিত হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর নির্দেশ; ২ জুনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১০, ২০২৬, ২২:৩৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দেশের বিভিন্ন বিভাগে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল এবং নীলফামারীর বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজও দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১২ এপ্রিল ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শীর্ষক একটি প্রতিবেদন জাতীয় দৈনিকে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হলেও বছরের পর বছর তা চালু হয়নি।
এরপর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী অব্যবহৃত ছয়টি হাসপাতাল দ্রুত পরিদর্শন করে চালুর জন্য তাৎক্ষণিক নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২ জুন ২০২৬-এর মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে আরও আলোচনা হয় যে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে আংশিকভাবে চালু রয়েছে। প্রধানমন্ত্রী ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দেন। পাশাপাশি রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল দ্রুত চালুর তাগিদ দেওয়া হয়।
এদিকে, নীলফামারীতে ১ হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, নীলফামারী সদর উপজেলায় নির্মিতব্য হাসপাতালটি সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘প্রতিটি জেলায় আধুনিক সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠা’ পরিকল্পনার অংশ। স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, উত্তরাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে এই হাসপাতাল একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের প্রায় ২ কোটি মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা সম্প্রসারণ একটি সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ।