• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং, বললেন প্রেস সচিব

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:২৪ অপরাহ্ণ
আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং, বললেন প্রেস সচিব
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজকের ব্রিফিংটাই সম্ভবত শেষ ব্রিফিং।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি বলেন, গত ১৮ মাস ধরে আমরা সবসময় চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব তথ্য ও সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। প্রতিটি ঘটনার ক্ষেত্রে সরকারের অবস্থান কী, তা নিয়মিতভাবে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সব ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, এমন কোনো সংবাদ নেই যা আমরা সেখানে শেয়ার করিনি। পেজটি ন্যূনতম ২০ কোটিবার ভিউ পেয়েছে—সব মিলিয়ে ব্যাপকভাবে মানুষের কাছে তথ্য পৌঁছেছে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বেশির ভাগ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে প্রেস কনফারেন্সে যত প্রশ্ন উঠেছে, আমরা সেগুলোর উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি।

এ সময় প্রেস উইংয়ের আরেক সদস্য আজাদ মজুমদার বলেন, আমরা সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আপনাদের সহযোগিতাও পেয়েছি। আগামী সপ্তাহে আশা করছি টেবিলের ওপারে নয়, বরং আপনাদের সঙ্গেই থাকব।

আরেক সদস্য ফয়েজ আহমদ বলেন, তিনি সবসময় সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং পেশাদারত্ব বজায় রেখেছেন। নানা কারণে আমরা একটি ব্যতিক্রমধর্মী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। আমাদের কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে, সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।