• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ১৩:৩১ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান
সংবাদটি শেয়ার করুন....

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানিয়েছেন যে আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করেই জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ উত্তোলন করা হবে। তিনি বলেন, আনাসসহ যারা বুকের রক্ত ঢেলে দেশের স্বার্থে রাজপথে নেমেছিলেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। এই কবরস্থানে যাঁরা পরিচয়হীন অবস্থায় শায়িত আছেন, তাঁদের পরিচয় তখন যাচাই করা হয়নি। সেই পরিচয় উদঘাটন করা জাতির কাছে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর আজ সেই দায়িত্ব পালনের সূচনা হলো। রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর) সহযোগিতায় আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকায় এসে পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। গত চার দশকে তিনি ৬৫টি দেশে এমন অপারেশন পরিচালনা করেছেন। আন্তর্জাতিক প্রোটোকল ও মিনেসোটা প্রোটোকল মেনে মরদেহ উত্তোলন, পোস্টমর্টেম, ডিএনএ স্যাম্পলিংসহ সব ধাপ সম্পন্ন করা হবে। এর জন্য সিটি করপোরেশন, ঢাকা মেডিকেল কলেজ, ফরেনসিক বিশেষজ্ঞ, ডিএমপি, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিআইডি প্রধান বলেন, আবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে ১১৪টি কবর শনাক্ত হয়েছে, যা প্রকৃত সংখ্যায় বাড়তে-কমতে পারে। উত্তোলনের পর পোস্টমর্টেম, হাড় বা টিস্যু সংগ্রহ, ডিএনএ প্রোফাইল তৈরি এবং পরিচয় নিশ্চিত হলে ধর্মীয় সম্মান বজায় রেখে পুনঃদাফন করা হবে। তিনি আরও জানান, আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী মরদেহের কোনো ছবি বা সংবেদনশীল তথ্য প্রকাশ করা যাবে না। এটি অত্যন্ত মানবাধিকার–সংবেদনশীল কাজ, তাই গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানিয়ে সিআইডি প্রধান বলেন, অনেকে বছরের পর বছর ধরে তাদের প্রিয়জনের পরিচয় জানতে ঘুরছেন, আমরা সেই বেদনার দায় থেকে জাতিকে মুক্ত করতে চাই। এসময় ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর হিউম্যান রাইটস (ইউএনএইচআর)–এর আওতাধীন আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বলেন, তিনি তিন মাস ধরে সিআইডির সঙ্গে কাজ করছেন এবং সম্পূর্ণ কার্যক্রম আন্তর্জাতিক ফরেনসিক মান বজায় রেখে সম্পন্ন করা হবে। নিয়মতান্ত্রিকভাবে স্থানীয় সংস্থাকে সহায়তা করা হবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...