ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের প্রথম দিনেই নির্বাচন কমিশনে (ইসি) মোট ৪২টি আপিল আবেদন জমা পড়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এসব আবেদন দাখিল করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে একটি আপিল আবেদন রয়েছে।
এ ছাড়া ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি আপিল আবেদন জমা পড়েছে।
ইসি কর্মকর্তারা জানান, এবারের সংসদ নির্বাচনে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়, যার মধ্যে জমা পড়ে ২ হাজার ৫৬৮টি। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৭২৩টি বাতিল করা হয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ১৩৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, আর বরিশাল অঞ্চলে বাতিলের সংখ্যা সর্বনিম্ন ৩১টি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।