ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (২৪ জানুয়ারি) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি এই তথ্য নিশ্চিত করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম জাভার পশ্চিম বান্দুং এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগ ঘটে। টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে পড়ে, এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক মানুষ আটকা পড়েন। নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে বৈরী আবহাওয়া ও বিপুল মাটির স্তূপ উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্গত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স