উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার – সড়ক পরিবহন প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ২৩:৩১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। জনগণের প্রত্যাশা পূরণে অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে বর্তমান সরকার।
আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নির্মাণাধীন কায়েতপাড়া-নগরপাড়া এবং রূপগঞ্জ-ইছাপুরা ব্রিজ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু দু’টি। তবে একটি মহল বিভিন্ন কারণে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করেছে। সরকার চায় দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন পৌঁছে দিতে। তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সেতু দু’টির নির্মাণকাজ দ্রুত সম্পন্নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, সংসদ সদস্য, এস এম জাহাঙ্গীর হোসেন, মুন্সী রফিকুল আলম মজনু, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রীসহ অতিথিরা তারাবো পৌর অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে ভ্যান ও ছাগল বিতরণ করেন।