বিশ্বব্যাংকের হাজার কোটি টাকার প্রকল্প অগ্রগতি শূন্য, নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ
মোঃ ইকবাল হোসেন সরদার:
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) নামে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৯০১.২২ কোটি টাকা, যার মধ্যে বিশ্বব্যাংক সহায়তা দিচ্ছে ৪২৫৯.৬০ কোটি টাকা (সমপরিমাণ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার)।
প্রকল্পটির জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হয় ২১ ডিসেম্বর ২০২৪ এবং তা কার্যকর হয় ২২ জানুয়ারি ২০২৫ থেকে। ২০২৪-২০৩০ মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পটি ৮ জানুয়ারি ২০২৫ তারিখে একনেক সভায় অনুমোদন পায়। তবে অনুমোদনের এক বছরের বেশি সময় পার হলেও প্রকল্পটির অগ্রগতি কার্যত শূন্যের কোঠায় রয়েছে। এতে বিশ্বব্যাংকও হতাশা প্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকল্পের ঋণচুক্তি ও অনুমোদিত ডিপিপি অনুযায়ী, বিশ্বব্যাংক বা অন্যান্য দাতা সংস্থার অর্থায়নে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞ এলজিইডির একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ দেওয়ার শর্ত রয়েছে।
সূত্র জানায়, এই পদে নিয়োগের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর নাম প্রস্তাব করা হয়েছে এবং ১১ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত এক জরুরি সভায় তাকে নির্বাচন করা হয়েছে। সূত্র থেকে আরো জানা য়ায়, ইয়াজদানী চলতি বছরের ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। অর্থাৎ, তার চাকরির মেয়াদ রয়েছে মাত্র সাত মাস। এত স্বল্প সময়ের জন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া পরিকল্পনা কমিশনের নীতিমালার পরিপন্থি বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। এলজিইডিতে বর্তমানে অনেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী কর্মরত আছেন, যাদের চাকরির মেয়াদ আরও ৩ থেকে ৪ বছর রয়েছে।
তাদের উপেক্ষা করে ইয়াজদানীকে নিয়োগ দেওয়া হচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। ইয়াজদানীর বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগও রয়েছে।
এ বিষয়ে গত ১২ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এছাড়া, ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি জাতীয় দৈনিকে তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়। বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমেও এলজিইডির নিয়োগ, বদলি ও পদায়নে তার প্রভাব থাকার অভিযোগ উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, পরিকল্পনা কমিশনের নীতিমালা উপেক্ষা করে মাত্র সাত মাসের জন্য প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হলে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি বাড়বে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নও বাধাগ্রস্ত হতে পারে।
প্রসঙ্গত, এর আগে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি নদীভিত্তিক প্রকল্পে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলীর চাকরির মেয়াদ দুই বছর থাকায় তাকে প্রকল্প পরিচালক করা হয়নি। অথচ, বর্তমান ক্ষেত্রে মাত্র সাত মাস মেয়াদ থাকা সত্ত্বেও ইয়াজদানীকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অবস্থায়, সাত মাস পর আবার নতুন করে প্রকল্প পরিচালক নিয়োগ দিতে হবে। এতে বিশ্বব্যাংকের অনুমোদন নিতে সময়ক্ষেপণ হবে এবং প্রকল্পের গতি আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে এলজিইডি সূত্রে জানা গেছে, উল্লেখিত প্রকল্পের ২০০ কোটি টাকার মালামাল ক্রয়ের একটি প্রক্রিয়া চলমান রয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগসা যোসের মাধ্যমে এলজিইডি একটি প্রভাবশালী প্রকৌশলী সিন্ডিকেট কমিশন বাণিজ্যের টাকা ভাগ বাটোয়ারার লক্ষ্যে স্বল্পকালীন সময়ে মোঃ গোলাম ইয়াজদানীকে প্রকল্প পরিচালক নিয়োগে তৎপর রয়েছেন।
এ বিষয়ে জানতে মোঃ গোলাম ইয়াজদানির দপ্তরে গিয়ে তাকে পাওয়া যায়নি। বর্তমানে দায়িত্বরত প্রকল্প পরিচালকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রকল্পের অনেক কর্মকাণ্ড নিয়েই ক্ষোভ প্রকাশ করেন।