• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাচাবাজারে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের অভিযোগ

নিরাপত্তাব্যবস্থা ছাড়াই চলছে কাজ, রাজউকের নিয়ম না মানার দাবি স্থানীয়দের

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২৬, ২৩:৫৬ অপরাহ্ণ
কাচাবাজারে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর দক্ষিণখান থানাধীন কাঁচাবাজার এলাকার দেওয়ানবাড়ি রোডে (সরকার সিটির বিপরীতে) একটি ভবন নির্মাণকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে ভবনের নির্মাণকাজ চালানো হচ্ছে। একই সঙ্গে রাজউকের অনুমোদিত নকশা ও নির্মাণবিধিও মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনটির চারপাশে কোনো নিরাপত্তা বেষ্টনী কিংবা সতর্কতামূলক ব্যারিকেড নেই। এছাড়া ডেভিয়েশন বা কলামের বাইরে অতিরিক্ত বাড়তি অংশ রয়েছে।

ঘনবসতিপূর্ণ কাচাবাজার এলাকায় এমন নিরাপত্তাবিহীন নির্মাণকাজ স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাণশ্রমিক জানান, তাদের কোনো ধরনের নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয়নি। ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে তাদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবন নির্মাণের সময় ওপরে থেকে ইট, রড কিংবা নির্মাণসামগ্রী নিচে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে সড়কসংলগ্ন এলাকায় সাধারণ পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

এ বিষয়ে ভবন মালিক জসিম উদ্দিন মজুমদার এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে রাজউক এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে দপ্তরে পাওয়া যায়নি।

নির্মাণ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় নিরাপত্তা বিধি উপেক্ষা করে ভবন নির্মাণ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অনিয়ম শুধু নির্মাণ আইন লঙ্ঘনই নয়, বরং জননিরাপত্তার জন্যও বড় হুমকি। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের দাবি, রাজউক ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি নজরদারি ছাড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ বন্ধ হবে না। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।