• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার দুই বিদ্যালয়ে শতভাগ ফেল, পাস করেনি কোনো শিক্ষার্থী

খুলনা প্রতিনিধি:
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ০০:৫০ পূর্বাহ্ণ
খুলনার দুই বিদ্যালয়ে শতভাগ ফেল, পাস করেনি কোনো শিক্ষার্থী
সংবাদটি শেয়ার করুন....

এসএসসি পরীক্ষার ফলাফলে খুলনার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো—খুলনা মহানগরীর খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক কেজি ও মাধ্যমিক বিদ্যালয় এবং ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্রে জানা যায়, খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক কেজি ও মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর মানবিক বিভাগে মাত্র দুজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

ফলাফলে হতাশা প্রকাশ করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, ‘মানবিক বিভাগ থেকে এবার মাত্র দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে তারা দুজনই অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়া প্রয়োজন ছিল।’

অন্যদিকে, ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় চারজন শিক্ষার্থী। তাদের সবাই অকৃতকার্য হয়েছে।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম সরদার বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী এবার পরীক্ষা দিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। তারা লেখাপড়ায় চরম অমনোযোগী ছিল। পাশাপাশি অভিভাবকরাও শিক্ষার্থীদের বিষয়ে উদাসীন ছিলেন। শত চেষ্টা করেও তাদের পাস করানো সম্ভব হয়নি।’

ফলে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে খুলনার এই দুটি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে।