চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৬ পুলিশ কর্মকর্তা
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১৬:৩৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব মাহবুবুর রহমান। অপসারণ হওয়া এই ৬ সহকারী পুলিশ সুপার হলেন—দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) অনুযায়ী তাদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জানা গেছে, রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা বর্তমানে এক বছর মেয়াদি প্রশিক্ষণে রয়েছেন। আগামী মাসে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যেই চাকরি হারালেন এই ৬ কর্মকর্তা।