• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডামুড্যার ইসলামপুরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য, এলাকাবাসীর মাঝে আতঙ্ক

মোঃ ইকবাল হোসেন সরদার:
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ২১:০৪ অপরাহ্ণ
ডামুড্যার ইসলামপুরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য, এলাকাবাসীর মাঝে আতঙ্ক
সংবাদটি শেয়ার করুন....

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে শিপন সরদার নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর ও  কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। তিনি ইনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মো: নুরুল সরদারের পুত্র ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিপন সরদারের বিরুদ্ধে অর্ধ ডজন মাদক মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি সাজাপ্রাপ্তও হয়েছেন। অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার মাধ্যমে তিনি অল্প সময়ে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ইয়াবাসহ গ্রেফতার হলেও বিভিন্ন সময় আইনের ফাঁকফোকর ব্যবহার করে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন।
এলাকাবাসীর দাবি, বিগত সময়ে আওয়ামী লীগের শাসনামলে তিনি শ্রমিক লীগ ও যুবলীগের পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করেন এবং শীর্ষ পর্যায়ের কিছু নেতার সঙ্গে সখ্যতা গড়ে তুলে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যান।
বর্তমানেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন এবং পুনরায় মাদক ব্যবসা জোরদার করার চেষ্টা চালাচ্ছেন। যদিও বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে, তবুও বাস্তবে এর প্রতিফলন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এছাড়াও, একই এলাকার আরও কয়েকজনের বিরুদ্ধেও সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে আবুল বাশার পাইক নামের এক ব্যক্তি সম্প্রতি বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বলে স্থানীয়দের দাবি।
এলাকাবাসীর আশঙ্কা, এসব চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা রাজনৈতিক পরিচয় পরিবর্তনের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে এবং এতে করে স্থানীয় রাজনীতিতে বিভেদ ও অস্থিরতা তৈরি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, শিপন সরদার ও তার সহযোগীদের বিরুদ্ধে কথা বলতে তারা ভয় পান, কারণ তাদের একটি শক্তিশালী সন্ত্রাসী বাহিনী রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং মাদকের বিস্তার আরও বাড়বে।