• ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্জনা হত্যা মামলার মূল অভিযুক্ত বাবা আকাশ গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬, ২৩:১৪ অপরাহ্ণ
নির্জনা হত্যা মামলার মূল অভিযুক্ত বাবা আকাশ গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

খুলনা মহানগরীর বসুপাড়া বাঁশতলায় নিজ বাসায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আলীম হোসেন আকাশ (৪০) গ্রেফতার হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুর ৩টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের আব্দুল কুদ্দুসের চায়ের দোকান থেকে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি ও খুলনা সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার তথ্যমতে, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যার পর তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার পর খুলনা সদর থানার নারী উপ-পরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে নিহতের মা সীমা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এরপর থেকেই মামলার মূল অভিযুক্ত আকাশ পলাতক ছিলেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে নির্জনা হত্যা মামলার প্রধান অভিযুক্ত আকাশকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে থানায় আনা হয়েছে। তিনি রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছেন।

বিঃদ্রঃ অভিযুক্ত গ্রেফতার হলেও মামলার বিচারিক প্রক্রিয়া এখনও চলমান। আদালতের রায়ে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইনগতভাবে তিনি অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।