তত্ত্বাবধায়ক সরকার বিলোপসহ ৫৪টি বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায়কে কেন্দ্র করে করা আপিলের শুনানি বর্তমানে চলছে। আজ সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরছেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূইয়া। এর আগে গত ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছিল আপিল বিভাগ। এ ছাড়া ২ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আপিলে পক্ষভুক্ত হন।
২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি পরিবর্তনকে অসাংবিধানিক ঘোষণা করেন। পাশাপাশি সংবিধানে গণভোটের বিধান পুনর্বহালের নির্দেশও দেন আদালত। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, গণতন্ত্র হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, যা টিকে থাকে অবাধ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনের মাধ্যমে। কিন্তু দলীয় সরকারের অধীনে গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়নি, ফলে সুষ্ঠু নির্বাচনের প্রতি মানুষের বিশ্বাস ফিরে আসেনি, যার ধারাবাহিকতায় জুলাইয়ে গণঅভ্যুত্থান ঘটে। আদালত আরও মত দেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা জনগণের অভিপ্রায়ে সংবিধানে যুক্ত হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হয়ে গেছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন, রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এহসান সিদ্দিকী। ইনসানিয়াত বিপ্লবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। চার আবেদনকারীর পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী, ব্যারিস্টার নিশাত মাহমুদ এবং ইন্টারভেনর হিসেবে ছিলেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ।