• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য: পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ১৯:০৮ অপরাহ্ণ
বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য: পরিবেশ উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

বন্যপ্রাণী সংরক্ষণে নতুন প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, দেশের তরুণদের বন্যপ্রাণী উদ্ধার, পরিচর্যা ও প্রকৃতিতে পুনর্বাসনের প্রতি ইতিবাচক মনোভাব জাতীয়ভাবে আশার আলো দেখাচ্ছে। বর্তমানে জনগণের মধ্যে বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ বিষয়ে সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বনভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টার মতে, বন্যপ্রাণী সুরক্ষায় সমন্বিত কণ্ঠস্বর গড়ে তোলা জরুরি। যারা বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট করে অর্থনৈতিক যুক্তি দাঁড় করিয়ে জনসমর্থন আদায় করতে চায়—তাদের প্রতিরোধে সচেতনতা, ভালোবাসা ও সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মানুষ ও প্রকৃতি পাশাপাশি রেখে নৈতিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করা প্রয়োজন। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জীবজগতের প্রতি সহমর্মিতা ও সংরক্ষণশীল আচরণের বার্তা দেয়। আর অসহায় মানুষ ও প্রাণীর পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার প্রতিফলন।

সভায় তিনি জানান, আগামী বছর ৬৪ জেলার বন্যপ্রাণী কর্মীদের স্বীকৃতি দেওয়া হবে। এতে তরুণরা আরও উৎসাহিত হবে এবং প্রতিটি জেলায় বন্যপ্রাণী সংরক্ষণে একজন দক্ষ কর্মী তৈরি হবে।

এছাড়া বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে নতুন ইউনিট গঠনে সরকারের অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি চলমান উদ্ধার কার্যক্রমে আধুনিক সরঞ্জাম ও পরিবহন সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ, জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ড. মো. জালাল উদ্দিন সরদার এবং বিবিসিএফ–এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ড. মোল্যা রেজাউল করিম।

অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য ড. মোহাম্মদ আলী রেজা খানসহ বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

এর আগে সৈয়দা রিজওয়ানা হাসান সামরিক জাদুঘরে অনুষ্ঠিত বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি সরকারি ভবনে কার্যকর রুফটপ সোলার স্থাপন, পরিবেশগত প্রভাব মূল্যায়নের ওপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট পক্ষের মতামত অনুসারে স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...