• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করল এনডিসি প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ২১:২৪ অপরাহ্ণ
বেনাপোলে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করল এনডিসি প্রতিনিধি দল
সংবাদটি শেয়ার করুন....

যশোরের বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)–এর একটি প্রতিনিধিদল। রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধি দল সীমান্তে বিজিবি ও বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করে।

পরিদর্শনকালে বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এনডিসি প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের মোট ২৫ সদস্যের এনডিসি প্রতিনিধি দল বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত এক কনফারেন্সে অংশ নেয় এবং সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা কার্যক্রম ও বাণিজ্যিক কার্যক্রম বিষয়ে ব্রিফিং গ্রহণ করে। পরে প্রতিনিধি দল বেনাপোল আইসিপি, স্থলবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কার্গো ইয়ার্ড পরিদর্শন করে।

পরিদর্শন শেষে সীমান্ত এলাকায় বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় সীমান্তে দায়িত্ব পালনকারী সদস্যদের আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও পতাকা নামানোর প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে প্রশিক্ষণরত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সীমান্ত ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন, যা ভবিষ্যতে নীতি নির্ধারণ ও কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।