বেসরকারি ও সরকারি PET-CT কেন্দ্রসমূহে সাইক্লোট্রন-ভিত্তিক PET রেডিওফার্মাসিউটিক্যালসের চাহিদা নিরূপণ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ
শীর্ষক কৌশলগত সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৬, ১৮:১৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দেশে ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও প্রাণঘাতী রোগের আধুনিক ও নির্ভুল নির্ণয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে “বেসরকারি ও সরকারি PET-CT কেন্দ্রসমূহে সাইক্লোট্রন-ভিত্তিক PET রেডিওফার্মাসিউটিক্যালসের চাহিদা নিরূপণ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কৌশলগত সভা আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের আলফা হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের ক্রমবর্ধমান ক্যান্সার রোগী এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার চাহিদা পূরণে PET-CT সেবা সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় রেডিওফার্মাসিউটিক্যালসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারিত্বের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসিনুর রহমান, সদস্য (পরিকল্পনা) এবং ড. মাহফুজা খান, সদস্য (জীববিজ্ঞান), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম।
বর্তমান বিশ্বে ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুবিক রোগসহ বিভিন্ন জটিল রোগের প্রাথমিক ও সঠিক শনাক্তকরণে PET-CT প্রযুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই প্রযুক্তির মূল উপাদান হলো সাইক্লোট্রন-ভিত্তিক PET রেডিওফার্মাসিউটিক্যালস, যা রোগ নির্ণয়ের নির্ভুলতা বৃদ্ধি করে এবং রোগীর চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। দেশে PET-CT সেবার ক্রমবর্ধমান সম্প্রসারণের প্রেক্ষাপটে এসব রেডিওফার্মাসিউটিক্যালসের নিরবচ্ছিন্ন, সময়োপযোগী এবং মানসম্মত সরবরাহ নিশ্চিত করা এখন একটি জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।
এ প্রেক্ষাপটে আয়োজিত সভায় দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি PET-CT কেন্দ্রসমূহের প্রতিনিধিবৃন্দ, নিউক্লিয়ার মেডিসিন ও PET-CT ইমেজিং বিশেষজ্ঞ, সাইক্লোট্রন প্রযুক্তিবিদ, রেডিওফার্মাসিউটিক্যালস উৎপাদন ও সরবরাহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিল Evercare Hospital Dhaka, Ibn Sina Diagnostic & Imaging Center, Labaid Cancer Hospital & Super Speciality Centre, Combined Military Hospital (CMH), Medinova Medical Services Ltd. এবং United Hospital Limited।
সভায় গৃহীত সুপারিশসমূহ দেশের PET-CT সেবার জন্য প্রয়োজনীয় রেডিওফার্মাসিউটিক্যালসের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর, সমন্বিত ও টেকসই করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।