ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য রাজনৈতিকভাবে দেখি না: খাদ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি
সংবাদটি শেয়ার করুন....
দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েন খাদ্য পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলবে না। তিনি জানান, দুই দেশের মধ্যে এখনো নিয়মিত বাণিজ্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
খাদ্য উপদেষ্টা বলেন, ভারত থেকে বাংলাদেশ টাকা দিয়ে চালসহ বিভিন্ন পণ্য আমদানি করে এবং ভারত তা বিক্রি করে। বাজার ব্যবস্থা মূলত ক্রেতা ও বিক্রেতার প্রয়োজনের ওপরই নির্ভরশীল। বিক্রেতার যেমন পণ্য বিক্রি করার প্রয়োজন রয়েছে, তেমনি ক্রেতারও পণ্য কেনার প্রয়োজন আছে। সে কারণেই ভারত থেকে চাল বা অন্যান্য পণ্য আমদানিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় না।
রবিবার সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা আরও জানান, যেখান থেকেই খাদ্য আমদানি করা হোক না কেন, সেটিকে রাজনৈতিক বিষয় হিসেবে না দেখে বাজার ব্যবস্থার অংশ হিসেবেই বিবেচনা করা হয়। যেখানে কম পাওয়া যায়, সেখান থেকেই সংগ্রহ করা হয়।
তিনি বলেন, দেশে ব্যবহৃত গমের প্রায় পুরোটাই আমদানিনির্ভর। বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন হলেও দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন। অন্যদিকে চালের বড় অংশই স্থানীয়ভাবে উৎপাদিত হলেও একটি অংশ আমদানি করা হয় এবং আরও কিছু চাল আমদানির প্রক্রিয়ায় রয়েছে। চলতি আমদানি কার্যক্রম শেষ হওয়ার পর কয়েক মাসের মধ্যে অন্যান্য বছরের তুলনায় আমদানি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
খাদ্য উপদেষ্টা জানান, বর্তমানে দেশের খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে মোট ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে চাল রয়েছে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ মেট্রিক টন, গম ২ লাখ ৩৩ হাজার ২২৪ মেট্রিক টন এবং ধান রয়েছে ৯ লাখ ৭ হাজার ৪০৯ মেট্রিক টন।