ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত তিন লাখ ৪০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। শনিবার সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৬ হাজার ৩৩৯ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৩০৪ জন। দেশভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে, যার সংখ্যা ৯৫ হাজার ৬৮০ জন।
এর পরের অবস্থানে রয়েছে কাতার, যেখানে নিবন্ধন করেছেন ৩০ হাজার ৩৩৫ জন প্রবাসী বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাত থেকে ২১ হাজার ৯২১ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২১ হাজার ২৮২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসীদের ভোটার নিবন্ধনের সুযোগ বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য এই নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত রাখা হয়েছিল।