• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনিটরিংয়ের আপডেট টুলসগুলো ব্যবহার করে অনিয়ম কমিয়ে আনার ব্যবস্থা নিয়েছি

নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা

জগলুল কবির নাসির
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ১৯:১৭ অপরাহ্ণ
মনিটরিংয়ের আপডেট টুলসগুলো ব্যবহার করে অনিয়ম কমিয়ে আনার ব্যবস্থা নিয়েছি
সংবাদটি শেয়ার করুন....

প্রকৌশলী আব্দুস সালাম বেপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ দিয়ে গত ১১ নভেম্বর ২০২৫ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন দায়িত্ব গ্রহণের আগে মো. আব্দুস সালাম ব্যাপারী ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২৮(২) ধারার অধীনে মো. আব্দুস সালাম ব্যাপারীকে ১১ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন প্রদান করা হয়েছে।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ঢাকা ওয়াসা একটি সেবামূলক বাণিজ্যিক প্রতিষ্ঠান, যা ‘ওয়াসা অ্যাক্ট ১৯৯৬’ দ্বারা পরিচালিত হচ্ছে। ঢাকা মহানগরীর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের গুরুত্বপূর্ণ সেবাদান কাজের দায়িত্ত্ব ঢাকা ওয়াসার ওপর ন্যস্ত। এছাড়া অন্যান্য সেবাদানকারী সংস্থার সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার আংশিক দায়িত্ত্বও ঢাকা ওয়াসা পালন করেছে।
তিনি দায়িত্ব গ্রহন করার পরেই প্রশাসনিক গতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বিভিন্ন মনিটরিং টিম গঠন করে দিয়েছেন এবং রাজস্বের জন্য কমিটি করে দিচ্ছেন বলে জানান।তিনি বলেন,সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে ঢাকা ওয়াসা কাজ করে।ঢাকা অনেক বড় একটা অঞ্চল। শুরুতে এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করেছিলো। পরবর্তী সময়ে এটা এসডিজির সঙ্গে যুক্ত করা হয়। পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা বর্তমানে কাজ করছি। তবে এসডিজি অর্জনে আমরা চেষ্টা করে যাবো।
ঢাকা শহরে পানি সরবরাহের ক্ষেত্রে ঢাকা ওয়াসা আন্ডারগ্রাউন্ড থেকে পানি উত্তোলন প্রক্রিয়া ব্যবহার করে। কিন্তু পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। তাই ওখান থেকে বের হয়ে আমরা সারফেস ওয়াটার (ভূমির উপরিভাগের পানি) ব্যবহারের বিষয়টি নজরে আনলাম।
বর্তমানে আমরা ভূগর্ভস্থ পানি ও ভূ-উপরিস্থ পানি ব্যবহার করছি। এটা পরিবেশের জন্য টেকসই।
ঢাকায় ১৫-২০ শতাংশ মানুষ বস্তি এলাকা বা নিম্ন আয়ের অঞ্চলে বসবাস করে। আশ্চর্যজনক হলেও সত্য, এরা বৈধ পানি আওতায় ছিল না। বাংলাদেশ সরকার এদের বৈধভাবে পানি দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। তবে এর মানে এই নয় যে আমরা বস্তির বৈধতা দিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য সবাইকে পানি দেওয়া। এখন পর্যন্ত আমরা পানি সরবরাহে শতভাগ বস্তিকে বৈধ পানির সংযোগের আওতায় এনেছি।
বর্তমানে আমাদের চলমান সারফেস ওয়াটার (ভূমির উপরিভাগের পানি) ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রায় সব কটির কাজ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে। আমাদের সবচেয়ে বড় প্রকল্প ছিল পদ্মা যশোর মেগা ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেটা সম্পূর্ণ হয়েছে।
২০১০ সালে আমাদের মাস্টারপ্ল্যান ছিল পানি ও স্যানিটেশন নিয়ে। ঢাকা মহানগরকে পাঁচটি ভাগে ভাগ করে সম্পূর্ণ এলাকাকে পাইপলাইন সুয়ারেজে আনতে চাচ্ছি আমরা। মহাপরিকল্পনায় ২০৩০ থাকলেও আমরা আশা করছি, ২০২৫ সালের মধ্যে ঢাকা শহর সম্পূর্ণ পাইপলাইন সুয়ারেজের আওতায় চলে আসবে।
এ ছাড়া নদীদূষণ বন্ধ করতে সরকারের একটি টাস্কফোর্স কাজ করছে। কিন্তু তা যথেষ্ট নয়। আমরা একটি মাস্টারপ্ল্যান করেছি। পদ্মা ও মেঘনা নদী এর আওতায় আনা হয়েছে। আমরা দূষণের উৎস খুঁজে বের করছি।
এছাড়া,ঢাকা ওয়াসার প্রশাসন বিভাগকে ঢেলে সাজিয়ে জনবান্ধব সেবা দেয়ার লক্ষে কাজ চলমান।
তিনি বলেন,ঢাকা ওয়াসার চলমান উন্নয়ন কাজে যেসব ঠিকাদার গুণগতমান ও টেকসই বজায় না রেখে কাজ খারাপ করবে এবং সঠিক সময়ে কাজ করবে না- তাদের শুধু কালো তালিকাভুক্ত নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।পাশাপাশি ঠিকাদারদের কাজ করতে কোথায় সমস্যা সৃষ্টি হয় সেই বিষয়গুলো ঠিকাদারদের সাথে সমন্বয় করে কাজের গুণগতমান নিশ্চিত করার লক্ষে কাজ করবো।
নাগরিক সেবা সুনিশ্চিত করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা সকলের সততা ও আন্তরিকতা অত্যন্ত জরুরী। সরকার নানামুখী সংস্কারের উদ্যোগ নিয়েছে। স্হানীয় সরকার উপদেষ্টা এবং সচিব মহোদয়ের দিকনির্দেশনায় আমরা সকলে ঢাকা ওয়াসার উন্নয়নে নাগরিক সেবা প্রদানে সততার সহিত কাজ করে যাবো।