• ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬, ২৩:১৮ অপরাহ্ণ
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’—এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে।

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুধু ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালনকারীদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যাদের কৃষিজমি, বীজতলা বা চারা নষ্ট হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

তিনি আরও জানান, ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে স্লুইসগেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে, যাতে পানি নিষ্কাশনের সময় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দুই দিনের সফরে শুক্রবার কক্সবাজারে পৌঁছে প্রথম দিন তিনি চকরিয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।