ময়মনসিংহে মৃতপ্রায় ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২৬, ১৬:২৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় মৃতপ্রায় ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। শনিবার দুপুরে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন।
ঝড়-বৃষ্টির মধ্যেও প্রধানমন্ত্রী প্রথমে খালের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে খালের পাড়ে নেমে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি খালের পাশে একটি তালগাছের চারা রোপণও করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
জানা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সময়ের সঙ্গে সঙ্গে খালটি প্রায় মৃত অবস্থায় পরিণত হয়।
গাছের চারা রোপণ ও খননকাজ পরিদর্শনের পর প্রধানমন্ত্রী খালের পাশে নির্মিত অস্থায়ী মঞ্চে স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাঁকে উষ্ণ করতালির মাধ্যমে স্বাগত জানান।
অনুষ্ঠানে স্থানীয় নারী, প্রান্তিক কৃষক ও শিশুরাও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বারবার করতালি দিয়ে অভিবাদন জানান।