• ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২৬, ২২:১৭ অপরাহ্ণ
ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। সফরকালে তিনি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সূচি অনুযায়ী, দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খননকাজের উদ্বোধন করবেন তিনি।

পরে দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

এদিকে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।