• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৫, ২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
রাজধানীতে সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজারে সরবরাহ বাড়লেও সপ্তাহের ব্যবধানে সবজির দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। অধিকাংশ সবজি আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। তবে মুরগির দাম কিছুটা কমলেও পেঁয়াজ ও ডিমের বাজারে বেড়েছে দাম।

 

শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজিই আগের দামে বিক্রি হচ্ছে। করলা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা এবং বরবটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং বেগুন প্রকারভেদে ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

 

বাজারে সজিনা ১৮০ থেকে ২০০ টাকা, ধুন্দল ৫০ থেকে ৮০ টাকা এবং কাঁচা আম ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১০০ থেকে ১৪০ টাকায় পৌঁছেছে।

 

এদিকে পেঁপে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা এবং দেশি শসা ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাইব্রিড শসার দাম তুলনামূলক কম, প্রতি কেজি ৬০ টাকা। এক হালি লেবু ১০ থেকে ৩০ টাকা, দেশি ধনেপাতা ২০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ১৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৬০ টাকা এবং ক্যাপসিকাম প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সোনালি কক মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ৩২০ টাকায় নেমেছে। সোনালি হাইব্রিড বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। এছাড়া লাল লেয়ার ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা এবং ব্রয়লার মুরগি ১০ টাকা কমে ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম রয়েছে ৭৫০ টাকা কেজি।

 

মাংসের বাজারে গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা এবং গরুর কলিজা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাথার মাংস ৪৫০ টাকা এবং ভুঁড়ি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

শীতকালীন সবজির মধ্যে টমেটো ৬০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৭০ টাকা এবং ফুলকপি প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি ৫০ টাকা এবং লাউ ৫০ থেকে ৮০ টাকা পিস দরে বিক্রি হতে দেখা গেছে।

 

বিভিন্ন ধরনের শাকের মধ্যে লাল শাক প্রতি আঁটি ১৫ টাকা, লাউ শাক ৪০ টাকা, পুঁই শাক ৩০ টাকা এবং পালং শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম রয়েছে ২৫ টাকা কেজি। দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে প্রকারভেদে ৪০ থেকে ৫০ টাকায় পৌঁছেছে।

 

মাছের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১৫০০ থেকে ১৬০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ২০০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

চাষের পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা এবং কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি শিং মাছ ১২০০ থেকে ১৪০০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১২০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

 

ডিমের বাজারে দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মুরগির লাল ডিম প্রতি ডজন ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ছিল ১২০ থেকে ১৩০ টাকা। হাঁসের ডিম প্রতি ডজন ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।