সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে গতি বাড়াতে চায় সরকার
গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের ইঙ্গিত—সচিবালয়ে বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ৪, ২০২৬, ২২:৪৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
পল্লী উন্নয়ন খাতে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (CIRDAP)-এর সঙ্গে যৌথ উদ্যোগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সহযোগিতা বাস্তবায়িত হলে গ্রামীণ উন্নয়নে নতুন গতি সঞ্চার হতে পারে।
সোমবার (৪ মে) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং CIRDAP-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা অংশ নেন।
বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করে।
মন্ত্রী বৈঠকে বলেন, পল্লী উন্নয়নে গবেষণা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সিরডাপ বাংলাদেশের একটি কার্যকর অংশীদার হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের যৌথ উদ্যোগ বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
এদিকে সিরডাপের মহাপরিচালকড পি চন্দ্র শেখরা বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।নীতিনির্ধারকদের মতে, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও প্রযুক্তি বিনিময় জোরদার করা গেলে পল্লী উন্নয়ন কার্যক্রম আরও টেকসই ও ফলপ্রসূ হয়ে উঠবে।