• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবির জাল, পাচারকারীর ফেলে যাওয়া এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ২০:৩২ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির জাল, পাচারকারীর ফেলে যাওয়া এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় নিষিদ্ধ এস্কাফ সিরাপ ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (১০ এপ্রিল) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)–এর অধীন গোগা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া এস্কাফ সিরাপ ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৮০০ টাকা।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালান দমনে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং সীমান্তপথে চোরাচালান নির্মূলে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।