স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত
বাসস
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই সঙ্গে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। হাফিজ উদ্দিন আহমদ এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন সরকার দলীয় জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, স্পিকার পদে একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়েছে এবং সেটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। তিনি এ দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন বলেও সভায় উল্লেখ করা হয়। পরে প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানানো হলে তিনি প্রস্তাবটি উত্থাপন করেন এবং তা সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। এতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের রয়েছে দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদক ‘বীর বিক্রম’ লাভ করেন। তিনি তৎকালীন পাকিস্তান ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন এবং ১৯৬৪ সাল থেকে টানা তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে স্বীকৃতি পান। তার বাবা ডা. আজহার উদ্দিন ১৯৬৩ ও ১৯৬৫ সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে যুক্ত হন হাফিজ উদ্দিন আহমদ। ভোলা-৩ আসন থেকে তিনি ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৬ সালের সংসদ নির্বাচন এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রবীণ এই রাজনীতিবিদ বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্বে আছেন। অধিবেশনে জানানো হয়, ডেপুটি স্পিকার পদেও একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়েছে এবং সেটি নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের। তিনিও এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন। এরপর সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার প্রস্তাব উত্থাপন করলে তা সমর্থন করেন আরেক হুইপ এবিএম আশরাফ উদ্দীন নিজান এবং এতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। পরে অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়।