• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন আজ রাতে

প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, যাবেন ৭৮ হাজার ৫০০ হজযাত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৬, ২১:৩৪ অপরাহ্ণ
হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন আজ রাতে
সংবাদটি শেয়ার করুন....

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, রাত ১১টা ৩০ মিনিটে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বর্ধিত ফ্লাইট সূচি ও বিমান ভাড়া কমানোসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসব প্রস্তুতি শেষে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হচ্ছে।

এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

মোট হজযাত্রীর প্রায় অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি যাত্রীদের পরিবহন করবে সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এতে ৪১৯ জন হজযাত্রী থাকবেন।

প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি, সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাসের ৩টি ফ্লাইট রয়েছে।

আগামী ২১ মে হজ-পূর্ব ফ্লাইট শেষ হবে। এ বছর মোট ২০৭টি হজ-পূর্ব ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা ১ জুলাই পর্যন্ত চলবে।