হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে হবে: সিনিয়র সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ২৩:১০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন-একসময় ভূমি অফিস মানেই ছিল দুর্ভোগ, হয়রানি ও জটিল প্রক্রিয়া। কিন্তু তথ্যপ্রযুক্তির যুগে সরকার ভূমিসেবা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে।তিনি ভূমির শতভাগ নির্ভুল তথ্য সফটওয়্যারে সন্নিবেশ করে জনগণের জন্য হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন-তথ্য প্রযুক্তির উন্নয়ন আজ জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনেছে। ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনাও এর ব্যতিক্রম নয়। একসময় ভূমিসেবা বলতে বুঝানো হতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাগজপত্র যাচাই, দালালের মাধ্যমে কাজ সম্পন্ন করা এবং যা ছিল সাধারণ নাগরিকের জন্য দুরূহ প্রক্রিয়া। কালের বির্বতনে ভূমিসেবা এখন ডিজিটাইজড হয়ে গেছে,জনগণের ভোগান্তি ,সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে ।
সিনিয়র সচিব আরো বলেন-ভূমিসেবা শুধু প্রযুক্তিগত স্বয়ংক্রিয়তা নয়, বরং সেবার গুণগত মানের উন্নয়নও। তাই সফটওয়ার তৈরির ক্ষেত্রে ভূমি সংশ্লিষ্ট আইনগুলো যথাযথ অনুসরণ করতে হবে।এখন প্রতিটি ধাপে ডিজিটাল ট্র্যাকিং থাকায় নাগরিক জানতে পারেন তার আবেদন কোথায় আছে ও কে তা প্রক্রিয়া করছে। এর ফলে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।
কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়,বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।