• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি চারজনের হাতে এ সম্মাননা প্রদান করেন। এবার যারা এ পদকে ভূষিত হয়েছেন তারা হলেন— নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।

আজ খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি এবং ১৯৩২ সালের একই দিনে মৃত্যুবরণ করেন। দিনটি প্রতিবছর বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়। সমাজকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনার ক্ষেত্রে তার অবদান এখনো সমানভাবে প্রাসঙ্গিক ও দিকনির্দেশক। তিনি উপলব্ধি করেছিলেন নারীর ক্ষমতায়নে শিক্ষার প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। তার অমর সাহিত্যকর্ম— ‘সুলতানার স্বপ্ন’ এবং ‘অবরোধবাসিনী’— সমাজের কুসংস্কারের বিরুদ্ধে ছিল দৃঢ় প্রতিবাদ। তিনি প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, যা আজও অসংখ্য বালিকাকে শিক্ষার আলোয় আলোকিত করছে।