• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬, ১৬:২৮ অপরাহ্ণ
গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : চিফ প্রসিকিউটর
সংবাদটি শেয়ার করুন....

চব্বিশের জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত নিষ্ঠুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে ১৮ ও ১৯ জুলাই ছিল দেশের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী সময়। এই দুই দিনে মোহাম্মদপুর এলাকায় হত্যাকাণ্ড ও সহিংসতা সবচেয়ে বেশি সংঘটিত হয়। সেখানে নয়জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। তিনি বলেন, আত্মত্যাগকারী এই শহীদদের রক্তের বিনিময়েই আজকের বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানের সময় যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল, যারা সংগঠনের ভূমিকা পালন করেছে এবং যারা পরিকল্পনাকারী বা নির্দেশদাতা ছিল—তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনার অঙ্গীকার ছিল আমাদের। সেই অঙ্গীকার বাস্তবায়নে তদন্ত সংস্থাগুলো কাজ করছে এবং ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন ও প্রাসঙ্গিক তথ্যপ্রমাণ আদালতে দাখিল করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারির পর পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে এই মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হবে। শহীদ মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজের প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, তাদের শাহাদাতের ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং ছাত্র-জনতার আন্দোলনকে আরও বেগবান করেছিল। এসব ঘটনাই বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মাটিতে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে—ইনশাআল্লাহ।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...