• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করবে না: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ১৭:১৯ অপরাহ্ণ
নির্বাচনে প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করবে না: অর্থ উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিবেশে কোথাও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর ঘাটতি নেই। প্রশাসন নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে গণভোট বিষয়ক জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, সরকার কোনো প্রার্থীর হয়ে কথা বলছে না কিংবা প্রার্থী বনাম প্রার্থীর অবস্থান নিচ্ছে না। আমরা সরাসরি জনগণের সঙ্গে কথা বলছি। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পান, সেটি বাস্তবভাবে প্রমাণ করা হবে। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এটি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে। এরপর কোনো সভা-সমাবেশ বা কর্মসূচি হলে সেগুলো দেখভালের দায়িত্বও নির্বাচন কমিশনের।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...