• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির
সংবাদটি শেয়ার করুন....

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিল, সেভাবেই আমরাও বুক পেতে দিতে প্রস্তুত। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—জীবন চলে যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।

শনিবার সকালে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান জামায়াত আমির।

আবু সাঈদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, শহীদরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। আমরাও প্রয়োজনে জীবন দিয়ে সেই আমানত রক্ষা করবো এবং আপনাদের সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক স্বাধীন বাংলাদেশ গড়া। আমাদের আলাদা কোনো স্বপ্ন নেই—তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নেই আমরা কাজ করবো।

ডা. শফিকুর রহমান বলেন, কঠিন সময়েও আমরা আপনাদের ছেড়ে যাইনি, পালাইনি। ভবিষ্যতেও পালাবো না। পরিস্থিতি যাই হোক, আমরা সবসময় আপনাদের সাথেই থাকবো।

এর আগে শনিবার সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন তিনি।

এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় সকাল ১০টায় দ্বিতীয় দিনের প্রথম সমাবেশে অংশ নেবেন জামায়াত আমির। এরপর বগুড়া শহরে দুপুর ১২টায় এবং বগুড়ার শেরপুর উপজেলায় দুপুর ২টা ৩০ মিনিটে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। বগুড়ার কর্মসূচি শেষে তিনি সিরাজগঞ্জ শহরে বিকাল সাড়ে ৩টায় এবং উল্লাপাড়া উপজেলায় বিকাল ৪টায় নির্ধারিত জনসভায় বক্তব্য রাখবেন। সিরাজগঞ্জের কর্মসূচি শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় একটি সমাবেশে অংশ নিয়ে প্রথম পর্বের সফরের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শেষ করবেন। নিজ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের পক্ষে এসব জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

পাবনার সমাবেশ শেষে সড়ক পথে ডা. শফিকুর রহমান ঢাকায় ফিরবেন বলে জামায়াতের মিডিয়া সেল সূত্রে জানা গেছে।