সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম-এর জীবনবৃত্তান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬, ২২:২৭ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
শেখ রবিউল আলম ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি খুলনায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ লোকমান হাকিম ও মাতা আছিয়া বেগম।
শিক্ষাজীবনে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
রাজনৈতিক জীবনে শেখ রবিউল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও বর্তমানে তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপি’র চেয়ারপার্সনের বৈদেশিক নীতি বিষয়ক পরামর্শক কমিটির বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি শেখ রবিউল আলম একজন সফল উদ্যোক্তা এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব। রাজনীতি, অর্থনীতি, সামাজিক ও বৈশ্বিক সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনায় (টেলিভিশন) নিয়মিত অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য মতামত প্রদান করেন। তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। তিনি শিক্ষা ও সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত আছেন। কোমলমতি এবং মেধাবী শিক্ষার্থীদেরকে প্রণোদনা এবং আর্থিক অনুদানের লক্ষ্যে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘আমরা ক জন’ নামক সংগঠন।
পারিবারিক জীবনে শেখ রবিউল আলম বকুল আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি বিবাহিত জীবনে এক মেয়ে এবং এক ছেলে সন্তানের পিতামাতা।