• ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় মাইগ্রেশন ফল প্রকাশের আগেই ভর্তি সময়সীমা: ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ণ
তৃতীয় মাইগ্রেশন ফল প্রকাশের আগেই ভর্তি সময়সীমা: ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা
সংবাদটি শেয়ার করুন....

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তৃতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ না করেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করায় শিক্ষার্থী ও অভিভাবকরা এটিকে অযৌক্তিক ও শিক্ষার্থীস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।

গত ১৬ এপ্রিল শিক্ষার্থীরা তৃতীয় মাইগ্রেশনের মাধ্যমে পছন্দের কলেজে ভর্তির জন্য আবেদন করেন। নিয়ম অনুযায়ী, মাইগ্রেশনের ফলাফল প্রকাশের পর নতুন বরাদ্দকৃত কলেজে ভর্তি হওয়ার কথা থাকলেও, ফল প্রকাশের আগেই ১৯ এপ্রিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত ভর্তি ফি এবং টিউশন ফি-র প্রথম কিস্তিসহ সকল প্রক্রিয়া ২৩ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে উল্লেখ করা হয়, মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ জমা দেওয়া অর্থ ও কাগজপত্র নতুন কলেজে স্থানান্তর করবে।

এই নির্দেশনার ফলে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের প্রধান উদ্বেগ—যদি মাইগ্রেশনের মাধ্যমে পছন্দের কলেজ না পাওয়া যায় বা ভর্তি বাতিল করতে হয়, তাহলে ইতোমধ্যে জমা দেওয়া বড় অঙ্কের অর্থ ফেরত পাওয়া যাবে কি না। মাইগ্রেশনের নিশ্চয়তা ছাড়াই অর্থ পরিশোধের এই চাপকে অনেকেই বড় ধরনের আর্থিক ঝুঁকি হিসেবে দেখছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের একটি বড় অংশ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এই সিদ্ধান্তের স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, তড়িঘড়ি করে অর্থ জমা দেওয়ার নির্দেশ কোনোভাবেই শিক্ষার্থীবান্ধব নয়।

সচেতন মহল দ্রুত তৃতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ এবং স্বচ্ছ ও যৌক্তিক প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা।