জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগন অংশগ্রহণ করবেন
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২৮, ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত আগামী ঈদের দিন সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, জামাতকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রধান জামাতে অংশ নিতে পারেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক ঈদের জামাতে ইমামতি করবেন।
প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নারী-পুরুষের জন্য পৃথক প্রবেশপথ, নামাজের স্থান, অজুখানা ও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
মুসল্লিদের সুবিধার্থে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা, নিরাপদ পানীয় পানি, কার্পেট, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
আয়োজকেরা জানিয়েছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।