• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ বিপুল চোরাই পণ্য জব্দ

বেনাপোল শার্শা যশোর
প্রকাশিত জুন ৪, ২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ বিপুল চোরাই পণ্য জব্দ
সংবাদটি শেয়ার করুন....

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩ জুন) যশোর-৪৯ বিজিবির অধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ১৬টি শাড়ি, একটি কম্বল, সাত প্যাকেট জর্দা, ১০ প্যাকেট ফুসকা, ১২০টি চকলেট এবং ৩৪০টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

জব্দ করা পণ্যগুলোর কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পণ্য ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

যশোর-৪৯ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতি ও জননিরাপত্তার স্বার্থে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দ করা পণ্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান স্থানীয়দের কাছেও প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে সীমান্তপথে অবৈধ পণ্য প্রবেশ অনেকাংশে কমে আসবে।